ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যু ও তুরাগ নদ থেকে মরদেহ উদ্ধারের ঘটনায় সুষ্ঠু তদন্তের আহ্বান

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১১ ঘন্টা আগে
ছবি : সংগৃহীত

ফরিদপুরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে ছাত্রলীগকর্মীর মৃত্যু ও ঢাকার তুরাগ নদ থেকে দুই দিনে তিনটি মরদেহ উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)।

উভয় ঘটনাই জনমনে নিরাপত্তা, আইনের শাসন এবং মানবাধিকার সুরক্ষা নিয়ে প্রশ্নের জন্ম দিয়েছে জানিয়ে ঘটনাগুলোর নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছে সংগঠনটি। সোমবার (২৯ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই আহ্বান জানায় এইচআরএসএস।

এইচআরএসএস’র নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগকর্মীর মৃত্যুর ঘটনাটি উদ্বেগজনক। রাষ্ট্রের হেফাজতে থাকা কোনো ব্যক্তির জীবন ও নিরাপত্তা নিশ্চিত করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাংবিধানিক ও আইনগত দায়িত্ব। হেফাজতে মৃত্যুর প্রতিটি ঘটনা স্বচ্ছতা, জবাবদিহি ও আইনের শাসনের প্রশ্নের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তাই এ ঘটনায় মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে একটি নিরপেক্ষ, স্বচ্ছ, কার্যকর ও বিশ্বাসযোগ্য তদন্ত পরিচালনা করা এবং দায়ী ব্যক্তি বা ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরি।

আরো বলা হয়, অন্যদিকে, ঢাকার তুরাগ নদ থেকে স্বল্প সময়ের ব্যবধানে একাধিক মরদেহ উদ্ধারের ঘটনাও উদ্বেগের বিষয়। এসব মৃত্যুর পেছনে অপরাধমূলক কর্মকাণ্ড, নিখোঁজ হওয়ার ঘটনা, পরিকল্পিত হত্যা অথবা অন্য কোনো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা জড়িত রয়েছে কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত উদ্‌ঘাটন করতে হবে।

নিহতদের পরিচয়, মৃত্যুর কারণ এবং তদন্তের অগ্রগতি সম্পর্কে যথাসময়ে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য প্রকাশের মাধ্যমে জনমনে আস্থা ফিরিয়ে আনার আহ্বান জানায় এইচআরএসএস। সংগঠনটি মনে করে, প্রতিটি অস্বাভাবিক মৃত্যু—বিশেষ করে রাষ্ট্রের হেফাজতে মৃত্যু কিংবা রহস্যজনকভাবে একাধিক মরদেহ উদ্ধারের ঘটনা—আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুযায়ী দ্রুত, স্বাধীন, নিরপেক্ষ ও কার্যকর তদন্তের দাবি রাখে। তদন্তে কোনো ধরনের প্রভাব বা পক্ষপাত যেন না থাকে এবং ভুক্তভোগী পরিবারের ন্যায়বিচারের অধিকার নিশ্চিত করা হয়।

  • ছাত্রলীগ কর্মী
  • ডিবি
  • তদন্ত
  • তুরাগ নদ
  • মরদেহ
  • মৃত্যু