সাবেক এমপি মমতাজের জামিন নামঞ্জুর

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৬ দিন আগে

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুরে মো. সাগর নামে এক যুবক নিহতের ঘটনায় করা হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় লোকসংগীতশিল্পী মমতাজ বেগমের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৬ মে) বিকেলে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-৭-এর বিচারক তাওহীদা আক্তারের আদালত এই আদেশ দেন।

আদালতে আসামিপক্ষে জামিন শুনানি করেন আইনজীবী রেজাউল করিম। জামিন আবেদনে তিনি উল্লেখ করেন, আসামি জাতীয় সংসদের সাবেক সদস্য এবং বাংলা ফোকসংগীত জগতের একজন প্রথিতযশা শিল্পী। মামলার এজাহারে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। সারাদেশে কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের দমনে অপর আসামিদের সঙ্গে অর্থ জোগানদাতা ও পরিকল্পনার কথিত কার্যসম্পাদনের কথা এজাহারে উল্লেখ থাকলেও, এর সপক্ষে কোনো বস্তুনিষ্ঠ তথ্য-উপাত্ত নেই।

তিনি আরও দাবি করেন, আসামির বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। এই মামলায় অভিযোগের সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা না থাকায় তিনি জামিন পাওয়ার যোগ্য। তবে উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামির জামিন আবেদনটি নামঞ্জুর করে দেন।

  • জামিন
  • নামঞ্জুর
  • মমতাজ
  • সাবেক এমপি