ছবি: সংগৃহীত
জুলাই আন্দোলন ও শহীদদের স্মৃতিস্তম্ভ নিয়ে অবমাননাকর বক্তব্য ও কর্মকাণ্ডের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন, মাহিয়া মাহি এবং শান্তা ফারজানা নামে এক নারীর বিরুদ্ধে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, জিডিটি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিবি সাইবার ইউনিটে হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার ‘রাষ্ট্রসংলাপ ফোরাম’ (এসডিএফ) নামের একটি সংগঠনের পক্ষ থেকে এই অভিযোগ দায়ের করা হয়। থানায় দেওয়া লিখিত আবেদনে বলা হয়, শান্তা ফারজানা নামের এক ব্যক্তি জুলাই স্মৃতিস্তম্ভে জুতা দিয়ে আঘাত করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন, যা শহীদদের স্মৃতির প্রতি অবমাননাকর।
মেহের আফরোজ শাওন জুলাই আন্দোলনকে ‘পরিকল্পিত বা সাজানো ঘটনা’ হিসেবে উপস্থাপন করে অবমাননাকর বক্তব্য দিয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এছাড়া মাহিয়া মাহি আন্দোলনে অংশগ্রহণকারী বিভিন্ন ব্যক্তি ও সংগঠনকে কটাক্ষ করে তাদের কর্মকাণ্ডকে ‘অভিনয়’ করার সঙ্গে তুলনা করেছেন বলে অভিযোগ আনা হয়। আবেদনে বলা হয়েছে, এ ধরনের বক্তব্য জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
রাষ্ট্রসংলাপ ফোরামের কেন্দ্রীয় সদস্য সচিব আ ন ম আয়াস, কেন্দ্রীয় মুখ্য সংগঠক মুহাম্মদ শাহ্ আলম বাদশা এবং কেন্দ্রীয় সংগঠক তুহিন ফরাজী এই লিখিত অভিযোগ জমা দেন। ফোরামের পক্ষ থেকে বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
