কক্সবাজারে চার স্থানে পাহাড়ধস: রোহিঙ্গা ক্যাম্পে ৮ জনসহ ৯ জনের মৃত্যু

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১১ ঘন্টা আগে
ছবি: সংগৃহীত

কক্সবাজারে ভারী বর্ষণের ফলে পাহাড়ধসের পৃথক চারটি ঘটনায় শিশু ও নারীসহ ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে উখিয়ার তিনটি রোহিঙ্গা ক্যাম্পে ৮ জন এবং কক্সবাজার শহরে ১ জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।

সোমবার (৬ জুলাই) রাত ১টা থেকে ভোর ৪টার মধ্যে এসব পাহাড়ধসের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, স্থানীয় প্রশাসন, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও স্বেচ্ছাসেবীরা উদ্ধার অভিযান চালিয়ে হতাহতদের উদ্ধার করেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা ডলার ত্রিপুরা জানান, পৃথক তিনটি পাহাড়ধসের ঘটনা প্রায় কাছাকাছি সময়ে ঘটেছে। এসব ঘটনায় এখন পর্যন্ত ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ৩ জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

রাত ১টা ১০ মিনিটের দিকে উখিয়ার ১৫ নম্বর জামতলী ক্যাম্পের ডি/৬ ব্লকে একটি পাহাড়ধসে রোহিঙ্গা বসতঘরের ওপর মাটি চাপা পড়ে। এতে এক পরিবারের পাঁচ সদস্য মাটির নিচে আটকা পড়েন। স্থানীয়রা দুইজনকে জীবিত উদ্ধার করতে পারলেও ফায়ার সার্ভিস কর্মীরা তিনজনের মরদেহ উদ্ধার করেন। নিহতরা হলেন—মোহাম্মদ কামাল হোসাইন (৪৪), তার স্ত্রী হুমায়রা বেগম (৩৯) এবং পুত্র মোহাম্মদ আনাস (৪)।

এরপর রাত পৌনে ২টার দিকে উখিয়ার কুতুপালং ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি/৭ ব্লকে পাহাড়ধসে একরাম (৭) নামের এক শিশুর মৃত্যু হয়। সে ওই ক্যাম্পের মোহাম্মদ রশিদের ছেলে। ক্যাম্পের মাঝি এনায়েত উল্লাহ জানান, পাহাড়ধসের খবর পেয়ে রোহিঙ্গা স্বেচ্ছাসেবকরা শিশুটির মরদেহ উদ্ধার করেন।

রাত ৩টার দিকে বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি/১১ ব্লকে পাহাড়ধসে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন—উম্মে হাবিবা (২৭), তানজিনা আক্তার (১৩), মোহাম্মদ রিহান (৫) ও হারুনুর রশিদ (৩)। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

এদিকে ভোররাত ৪টার দিকে কক্সবাজার শহরের ১২ নম্বর ওয়ার্ডের ছাত্তার ঘোনা এলাকায় পাহাড়ধসে মাটি চাপা পড়ে আলী আকবর (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানান, পাহাড়ধসে এক পরিবারের তিনজন মাটির নিচে চাপা পড়লে এলাকাবাসী তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আলী আকবরকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বাকি দুইজন আহত হয়েছেন।

কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নান জানান, সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে। গত ২৪ ঘণ্টায় কক্সবাজারে ১৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

তিনি আরও জানান, আগামী কয়েক দিন থেমে থেমে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। কক্সবাজার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সতর্ক থাকতে বলা হয়েছে। অতিভারী বৃষ্টির ফলে পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা থাকায় ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার বলেন, টানা বৃষ্টিপাতের কারণে পাহাড়ধসের ঝুঁকি বেড়ে যাওয়ায় ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করে সতর্ক করা হচ্ছে। সবাইকে প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হচ্ছে।

  • কক্সবাজার
  • পাহাড়ধস
  • মৃত্যু
  • রোহিঙ্গা