সাভারে এনসিপির পদযাত্রায় ককটেল বিস্ফোরণ, আহত ৫

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ ঘন্টা আগে
ছবি: সংগৃহীত

সাভারে এনসিপির পদযাত্রার সমাবেশস্থলে ককটেলের বিস্ফোরণ হয়েছে। এতে এনসিপির শীর্ষ পর্যায়ের কেউ আহত না হলেও সমাবেশস্থলে উপস্থিত অন্তত ৫ জন আহত হয়েছে বলে জানা গেছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে সাভারের তারাপুর মাঠে এনসিপির পদযাত্রার সমাবেশস্থলে এই ককটেল বিস্ফোরণ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পূর্ব ঘোষণা অনুযায়ী এনসিপর শীর্ষ নেতাকর্মীরা পদযাত্রায় অংশ নিতে সাভারের তারাপুর মাঠে সমাবেশস্থলে যোগ দেন। মঞ্চে ঢাকা জেলা উত্তর এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ বক্তব্য দেওয়ার সময় হঠাৎ সমাবেশস্থলে ককটেলের বিস্ফোরণ হয়। এতে মঞ্চে থাকা এনসিপির শীর্ষ নেতাদের কেউ আহত না হলেও সমাবেশস্থলে থাকা অন্তত ৫ জন আহত হন। পরে তাদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন জানান, এনসিপির পদযাত্রার সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণের খবর তিনি শুনেছেন।

নিজে ঘটনাস্থলে যাচ্ছেন জানিয়ে পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থলে রয়েছেন। পাশাপাশি পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।

  • আহত
  • এনসিপি
  • ককটেল
  • পদযাত্রা
  • বিস্ফোরণ
  • সাভার