ছবি: সংগৃহীত
যুক্তরাজ্যের সাবেক পার্লামেন্ট সদস্য (এমপি) ও প্রবীণ রাজনীতিক অ্যান উইডিকম্বকে নিজ বাসভবনে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের একদিনের মাথায় শুক্রবার (১০ জুলাই) পুলিশ ২৬ বছর বয়সি এক শ্বেতাঙ্গ ব্রিটিশ যুবককে গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) ডার্টমুর ন্যাশনাল পার্কের হ্যাটার ভেল গ্রামের নিজ বাসস্থান থেকে ৭৮ বছর বয়সি এই সাবেক টোরি মন্ত্রীর গুরুতর জখমসহ মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর ডেভনের নিউটন অ্যাবট এলাকার একটি ঠিকানা থেকে স্থানীয় পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করে। তবে শনিবার (১১ জুলাই) পুলিশি হেফাজত থেকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তার এই মামলার সঙ্গে সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন আদালত।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিদবেদনের বরাতে জানা গেছে, নিহত সাবেক মন্ত্রীর বাড়ির চারপাশে পুলিশি নিরাপত্তাবেষ্টনী দেওয়া রয়েছে। সেখানে বিশেষ অনুসন্ধ্যানী দল পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে। তদন্তের স্বার্থে ওই এলাকার আশেপাশের সড়ক সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ঘটনাটির সঙ্গে সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক নেই বলে নিশ্চিত করেছে পুলিশ।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার এ ঘটনায় গভীর শোক জানিয়েছেন। তিনি বলেন, এই মুহূর্তে সবচেয়ে বড় বিষয় হলো দলমত নির্বিশেষে সাধারণ মানুষ যেন আসল অপরাধীকে দ্রুত সনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ প্রশাসনকে সর্বোচ্চ সাহায্য করে। নিরাপত্তাবেষ্টিত এই গ্রামের আশেপাশে কেউ কোনো সন্দেহজনক কিছু দেখে থাকলে তা পুলিশকে জানানোর অনুরোধ করা হয়েছে। কনজারভেটিভ পার্টির নেতা কেমি ব্যাডেনচ দলের প্রবীণ নারী নেত্রীর মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
