ছবি: সংগৃহীত
সংসদ ভবন এলাকা ছেড়ে গেলেও বুধবার দুপুরে ফের বিক্ষোভের ঘোষণা দিয়েছে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। মঙ্গলবার রাতে তারা দিনের মতো কর্মসূচি সমাপ্ত করে। শিক্ষামন্ত্রীর এক মন্তব্যকে ঘিরে দিনভর রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। এ সময় জাতীয় সংসদ ভবনের বাইরে শিক্ষার্থীরা বিক্ষোভ করলে তাঁদের সরিয়ে দেয় পুলিশ।
এর আগে মঙ্গলবার সকাল থেকেই রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এবং উত্তরায় একই দাবিতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ঘোষণা করেন তাঁরা। সে সময় শিক্ষার্থীরা দাবি জানায়, মঙ্গলবার রাতের মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে।
বিগত বেশ কয়েক দিনের বৃষ্টিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বন্যা ও জলাবদ্ধতার তৈরি হয়। এ পরিস্থিতিতে বৃহস্পতিবার পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের সব পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। তবে অন্য বোর্ডগুলোর পরীক্ষা যথারীতি চলছে। বৈরী আবহাওয়ার কারণে শিক্ষার্থীরা চলমান এইচএসসি পরীক্ষা কিছুদিন পেছানোর অনুরোধ জানিয়েছিল।
এর মধ্যে সোমবার প্রবল বর্ষণে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতা তৈরি হয়। এতে পরীক্ষার্থীদের চরম ভোগান্তি পোহাতে হয়। এর মধ্যেই ব্যক্তিগত এক ফোনালাপে পরীক্ষার্থীদের নিয়ে শিক্ষামন্ত্রীর এক মন্তব্যে শুরু হয় সমালোচনা।
