নড়াইল সদরে মক্তবে পড়তে আসা শিশুদের চকলেটের প্রলোভন দেখিয়ে যৌন হয়রানির অভিযোগে এক মসজিদের ইমামকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৮ মে) দুপুরে ভুক্তভোগী এক শিশুর বাবার করা মামলায় তাকে আটক হয়। আটক ইমামের নাম মো. আমিনুল ইসলাম (৫৭)। তার বাড়ি সদর উপজেলার রুখালী পূর্বপাড়া এলাকায়। তিনি উপজেলার অন্য একটি গ্রামের মসজিদে ইমামতি করতেন।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, আমিনুল ইসলাম প্রতিদিন ফজর নামাজের পর মসজিদের বারান্দায় এলাকার শিশুদের আরবি পড়াতেন। মঙ্গলবার (৫ মে) মক্তব ছুটির পর অন্য শিশুদের বিদায় দিলেও ভুক্তভোগী ওই শিশুকে থাকতে বলেন তিনি। পরে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে মসজিদের ভেতরে নিয়ে শিশুটিকে যৌন নিপীড়ন করেন।
ঘটনার পর থেকে শিশুটি মক্তবে যেতে আপত্তি জানায়। শুক্রবার সকালে পরিবারের সদস্যরা এর কারণ জানতে চাইলে সে বিস্তারিত খুলে বলে। শিশুটি আরও জানায়, তার মতো আরও কয়েকজন শিশুর সঙ্গেও একই কাজ করেছেন ওই ইমাম। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন অভিযুক্ত আমিনুলকে ধরে পুলিশে খবর দেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি শিশুদের যৌন নিপীড়নের কথা স্বীকার করেছেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে। তাঁর কাছ থেকে তল্লাশি চালিয়ে চকলেটও পাওয়া গেছে। শিশুদের যৌন হয়রানির বিষয়টি তিনি পুলিশের কাছে স্বীকার করেছেন।
ওসি আরও জানান, ভুক্তভোগী এক শিশুর বাবার করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। শনিবার (৯ মে) তাকে আদালতে সোপর্দ করা হবে।
