ব্রাহ্মণবাড়িয়ায় বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আরও এক বাংলাদেশি নিহতের খবর পাওয়া গেছে। এ পর্যন্ত দুজন নিহতের খবর পাওয়া গেলো। শুক্রবার (৮ মে) গভীর রাতে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের পাথারিয়াদ্বার সীমান্তে এ গুলির ঘটনা ঘটে।

নিহত মোরছালিন গোপীনাথপুর ইউনিয়নেন ধজনগরের বাতেনবাড়ি গ্রামের হেবজু মিয়ার ছেলে। তিনি গোপীনাথপুর শাহআলম ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আরেক নিহত নবীর হোসেনের (৪০) বাড়ি মধুপুর গ্রামে। দু’জনের মরদেহ আগরতলার জিবি হাসপাতালে রয়েছে বলে পারিবারিক সূত্র জানায়।

একই ঘটনায় একাধিক বাংলাদেশি তরুণ আহত হয়েছেন। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। চিকিৎসার জন্য তাদেরকে কুমিল্লায় নেওয়া হয়েছে।

স্থানীয়দের বরাতে জানা যায়, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে কসবা উপজেলার ধজনগর এলাকার ত্রিপুরা সীমান্তের মানিক্যমুড়ি এলাকায় একদল ব্যক্তি (প্রায় ৩০-৩৫ জন) তারকাঁটার বেড়ার কাছে অবস্থান করছিলেন। এ সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই মুরসালিন ও নবির হোসেন নিহত হন এবং আরও কয়েকজন আহত হন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত দুজনই চোরাচালানীর সঙ্গে জড়িত ছিল বলে জানা গেছে। বিজিবি এরই মধ্যে বিএসএফের সঙ্গে মরদেহগুলো দেশে নিয়ে আসার বিষয়ে কাজ করছে।

কসবা উপজেলা নির্বাহী অফিসার সামিউল ইসলাম জানান, তিনিও শুনতে পেরেছেন দুজন নিহত হয়েছেন। এ বিষয়ে বিজিবি কাজ করছে বলে তিনি জানান।

 

  • গুলি
  • নিহত
  • বাংলাদেশি
  • বিএসএফ
  • ব্রাহ্মণবাড়িয়া