নারায়ণগঞ্জের ফতুল্লার একটি বাসায় গ্যাসের চুলার লিকেজ থেকে আগুনের ঘটনায় একই পরিবারের নারী ও শিশুসহ ৫ জন দগ্ধ হয়েছেন। রোববার ভোরে গিরিধারা এলাকায় এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন, মো. কালাম মিয়া (৪৭), তার স্ত্রী সালমা আক্তার (৩৫), ছেলে মুন্না (১২), দুই মেয়ে মুন্নি (১০) ও কথা (৫)। তাদের গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল থানার বলুকদিয়ায়। বর্তমানে গিরিধারার সাদ্দাম মার্কেটের পাশে নয়তলা ভবনের নিচতলায় পরিবার নিয়ে থাকেন।
তাদেরকে হাসপাতালে নিয়ে আসা মো. রাকিব জানান, কালাম রাস্তায় ভ্যানে করে সবজি বিক্রি করেন। ভোরের দিকে তার স্ত্রী রান্না করার জন্য ম্যাচ দিয়ে আগুন ধরাতে গেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পরিবারের ৫ জন দগ্ধ হন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান বলেন, ‘কালামের শরীরের ৯৫ শতাংশ, সায়মার ৬০ শতাংশ, মুন্নার ৩০ শতাংশ, কথার ৫২ শতাংশ ও মুন্নির ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।’
