মেডিকেল শিক্ষার্থীকে গুলি, সেই প্রভাষকের ২১ বছরের কারাদণ্ড

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ ঘন্টা আগে

সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের শিক্ষার্থী আরাফাত আমিন তমালকে গুলি করার অভিযোগে দায়ের হওয়া মামলায় প্রভাষক ডাক্তার রায়হান শরীফকে অস্ত্র আইনের দুটি ধারায় ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার সিরাজগঞ্জের বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক ও জেলা ও দায়রা জজ ইকবাল হোসেন এ রায় দেন।

জেলা ও দায়রা জজ আদালতের পিপি রফিক সরকার এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘অস্ত্র আইনের দুটি ধারায় ডাক্তার রায়হান শরীফকে ২১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বিচারকালীন হাজতবাসের সময় সাজা থেকে বাদ যাবে।’

দণ্ডপ্রাপ্ত রায়হান শরীফ সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রভাষক ছিলেন। তিনি সিরাজগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক আব্দুর রাজ্জাকের ছেলে।

মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ৪ মার্চ মেডিকেল কলেজের একাডেমিক ভবনের চতুর্থ তলায় পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে পরীক্ষা নিচ্ছিলেন রায়হান শরীফ। একপর্যায়ে তার ব্যাগ থেকে পিস্তল বের করে শিক্ষার্থী আরাফাত আমিন তমালকে গুলি করেন। গুলিটি তমালের ডান পায়ে লাগে এবং তিনি গুরুতর আহত হন। ঘটনার পরপরই ক্ষুব্ধ শিক্ষার্থীরা রায়হান শরীফকে শ্রেণিকক্ষে অবরুদ্ধ করে পুলিশে খবর দেন।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুটি বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিন, বিদেশি ছোরা ও চাকু উদ্ধার করে তাকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় সিরাজগঞ্জ সদর থানার এসআই ওয়াদুদ আলী বাদী হয়ে মামলা করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।

  • কারাদণ্ড
  • গুলি
  • প্রভাষক
  • মেডিকেল
  • শিক্ষার্থী