হবিগঞ্জের বাহুবলে পূর্ব বিরোধের জেরে দুটি গ্রামের বাসিন্দাদের মধ্যে দুই দফা সংঘর্ষ হয়েছে। এতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। নিহতরা হলেন আদিত্যপুর গ্রামের মৃত ফিরোজ মিয়ার ছেলে সেলু মিয়া (৫৩) ও একই গ্রামের মিজাজ মিয়ার ছেলে হেলাল মিয়া (৩৭)।আহত হয়েছে উভয় পক্ষের নারী-পুরুষসহ অন্তত ২০ জন। সোমবার দুপুর ও সন্ধ্যায় উপজেলার আদিত্যপুর ও আব্দাফৌজদা গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়। নিহত শেলু মিয়া আদিত্যপুর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আদিত্যপুর গ্রামের জাহিদ মিয়া এবং আব্দাফৌজদা গ্রামের মোশাহিদ মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে যাতায়াতের রাস্তা ও জায়গা-জমি নিয়ে বিরোধ চলে আসছিল। দুপুরে পূর্ব বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ হয়। এতে অন্তত ২০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে সন্ধ্যায় ডুবাঐ বাজার এলাকায় উভয় পক্ষের লোকজন পুনরায় মুখোমুখি হলে দ্বিতীয় দফা সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের খবর পেয়ে বাহুবল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
বাহুবল থানার ওসি (তদন্ত) ইকতার মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পূর্ব বিরোধের জেরে দুপক্ষের মধ্যে দুই দফা সংঘর্ষ হয়েছে। এতে দুজন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।
