দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের জন্য পাঁচ সদস্যের সার্চ কমিটি গঠন করেছে সরকার। সোমবার (২২ জুন) এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। দুদক আইন, ২০০৪-এর ধারা ৭ অনুযায়ী কমিটি গঠন করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হককে কমিটির সভাপতি করা হয়েছে। সদস্য হিসেবে রয়েছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি রাশিক আল জলিল, বাংলাদেশের মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি), বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান এবং মন্ত্রিপরিষদ সচিব।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সার্চ কমিটি দুদকের চেয়ারম্যান ও কমিশনার পদে নিয়োগের জন্য উপযুক্ত ব্যক্তিদের নামের তালিকা প্রস্তুত করে সরকারের কাছে সুপারিশ করবে। কমিটির কার্যসম্পাদনে প্রয়োজনীয় সহায়তা দেবে মন্ত্রিপরিষদ বিভাগ। দুদকের বর্তমান কমিশনের মেয়াদ শেষ হওয়ার প্রেক্ষাপটে নতুন কমিশন গঠনের প্রক্রিয়ার অংশ হিসেবে এ সার্চ কমিটি গঠন করা হলো।
