যশোরে উগ্র সংগঠন ‘ফাতাহ কমব্যাটে’র সদস্য আটক

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১৮ ঘন্টা আগে

যশোরে উগ্রবাদে সম্পৃক্ত থাকার অভিযোগে তাহসীন ইসলাম (১৯) নামে এক তরুণকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি)পুলিশ। বৃহস্পতিবার (৯ জুলাই) রাত ৯টার দিকে যশোর সদর উপজেলার কিসমত নোয়াপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটক তাহসীন ইসলাম ওই এলাকার ওহিদুল ইসলামের ছেলে। পুলিশ জানায়, অভিযানের সময় তার ঘরে তল্লাশি চালিয়ে একটি চাপাতি, তারসহ কয়েকটি ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মিরাজুল ইসলাম জানান, রাজধানীর কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটে দায়ের করা একটি মামলার সূত্র ধরে তাহসীনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পূর্বে একটি ডাকাতি মামলাও রয়েছে, যেখানে তিনি তৃতীয় নম্বর আসামি।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি আলোচিত ‘ফাতাহ কমব্যাট সিস্টেম (এফসিএস)’ নামে একটি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন বলে পুলিশের দাবি। তবে তার তথ্য অনুযায়ী, যশোরে সংগঠনটির কোনো সক্রিয় সদস্য বা সাংগঠনিক কার্যক্রম নেই বলেও পুলিশ জানিয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার রাতেই তাহসীন ইসলামকে সিটিটিসির কাছে হস্তান্তর করা হবে।

এর আগে গত ৫ জুলাই রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় উগ্রবাদী কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে সমবেত হওয়ার সন্দেহে ছয় যুবককে আটক করে পুলিশ। ওই সময় সিটিটিসি জানায়, তাদের তদন্তে একটি নেটওয়ার্কের কার্যক্রমের বিষয়ে বিভিন্ন তথ্য পাওয়া গেছে এবং বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

‘ফাতাহ কমব্যাট সিস্টেম (এফসিএস)’ নামে একটি সংগঠনের বিরুদ্ধে মার্শাল আর্ট প্রশিক্ষণের আড়ালে তরুণদের উগ্রবাদে উদ্বুদ্ধ করার অভিযোগের তদন্ত করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি এবং বিষয়গুলো তদন্তাধীন।

  • আটক
  • কমব্যাট
  • ফাতাহ
  • যশোর উগ্র
  • সংগঠন
  • সদস্য