প্রতীকী ছবি
দিনাজপুরের ঘোড়াঘাটে বাড়ির উঠান থেকে মো. আলম মিয়া (৬০) নামের এক বৃদ্ধের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৭ মে) ভোরে পৌরসভার দক্ষিণ নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আলম মিয়া ওই গ্রামের মৃত মোখছেদ শেখের ছেলে। তিনি বাড়িতে তার স্ত্রীর সঙ্গে বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত ৩টার সময় ভিকটিমের স্ত্রীর ডাক-চিৎকার শুনে তাদের ছেলে আশরাফুল ইসলাম দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। এসে তিনি বাড়ির উঠানে তার বাবাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এসময় নিহতের মাথায় গভীর আঘাতের চিহ্ন এবং গলাকাটা ছিল।
পরে রাত সাড়ে ৩টার দিকে স্বজনরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার পালস পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জানতে চাইলে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।
