আশুলিয়ায় দুই ভাইকে গুলি করেছে সন্ত্রাসীরা

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

ঢাকার সাভারের আশুলিয়ায় মোটরসাইকেলে করে এসে পৃথক দুটি স্থানে বসে থাকা দুই ভাইকে গুলি করে পালিয়েছে সন্ত্রাসীরা। গতকাল মঙ্গলবার রাতে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নে কাছাকাছি দূরত্বের পৃথক দুটি স্থানে এ ঘটনা ঘটে। ডিশ ও ইন্টারনেট ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে গুলির এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন মো. ইসমাইল (৩৫) ও তাঁর ছোট ভাই মো. শিপন (৩২)। ইসমাইলের ডান পা ও পিঠে গুলি লেগেছে এবং শিপনের ডান ঊরুতে গুলি লেগেছে। তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আশুলিয়ায় নারী ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক হারুন অর রশিদ বলেন, রাত ১০টার দিকে ইসমাইল ও শিপনকে হাসপাতালে আনা হয়। ইসমাইলের ডান পা ও পিঠে এবং শিপনের ডান ঊরুতে গুলির আঘাতের চিহ্ন আছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইন্টারনেট ও ডিশ ব্যবসার দখলকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ দেয়নি। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

  • আশুলিয়া
  • গুলি
  • সন্ত্রাসী