খুলনায় বিএনপি অফিসের ভেতরে ঢুকে যুবদলের দুই কর্মীকে গুলি

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ ঘন্টা আগে
প্রতীকী ছবি

খুলনায় বিএনপি অফিসে ঢুকে যুবদলের দুই কর্মীকে গুলি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার দিকে নগরের লবণচরা থানাধীন পুটিমারী বাজারের বিএনপি কার্যালয়ে ঘটনাটি ঘটে। গুলিবিদ্ধ দুই যুবক বিএনপি’র সহযোগী সংগঠন যুবদলের সদস্য বলে জানা গেছে। তারা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহতরা হলেন, যুবদল কর্মী মাসুম বিল্লাহ (৩৫) ও জাহিদ (৩৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুর পৌনে ২টার দিকে আহত দু’যুবকসহ আরও কয়েকজন পুটিমারী বাজারসংলগ্ন বিএনপি অফিসে বসে আলাপ আলোচনা করছিলেন। এ সময় একাধিক মামলার আসামি ও তাদের পরিচিত পারভেজ অফিসের ভেতরে প্রবেশ করে। এ সময়ে তাদের উভয়ের মধ্যে একটি বিষয় নিয়ে তর্ক-বির্তক হয়। একপর্যায়ে মাসুম ও জাহিদকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে পারভেজ। তার ছোড়া গুলি মাসুমের বাম পায়ের রানে ও জাহিদের ডান হাতের বাহুতে বিদ্ধ হয়। ঘটনার পর এলাকায় উত্তেজন ছড়িয়ে পড়ে। এরপর পারভেজ ঘটনাস্থল ত্যাগ করে। খবর জেনে লবণচরা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

লবণচরা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মোশারেফ হোসেন বলেন, আহত দুই যুবক এলকায় ব্যবসা-বাণিজ্যের সঙ্গে জড়িত। তারা দুপুরে স্থানীয় বিএনপি অফিসে বসে গল্প করছিল। এ সময়ে মোটরসাইকেল চালিয়ে এসে এক যুবক তাদের লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি করে ঘটনাস্থল ত্যাগ করে। তার ছোড়া গুলি একজনের হাতে এবং একজনের পায়ে বিদ্ধ হয়। এদের মধ্যে গুলিবিদ্ধ মাসুম পুটিমারী বাজার কমিটির সভাপতি ও বিএনপির সহযোগী সংগঠন যুবদলের সদস্য বলে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছেন। সংবাদ পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

  • খুলনা
  • গুলি