জীববৈচিত্র্য, বন্য প্রাণী ও মৎস্য সম্পদের প্রজনন সুরক্ষা নিশ্চিতে আজ (১ জুন) থেকে তিন মাসের জন্য বন্ধ হচ্ছে সুন্দরবন। ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে জেলে, বাওয়াল, মৌয়াল ও পর্যটকসহ সব ধরনের সাধারণ মানুষের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বন বিভাগ।
বন বিভাগ জানিয়েছে, জুন থেকে আগস্ট মাস সুন্দরবনের অধিকাংশ মাছ, বন্যপ্রাণী ও উদ্ভিদের প্রজনন মৌসুম। এই সময়ে বনের নদী ও খালে মাছ ডিম ছাড়ে, বন্যপ্রাণীদের প্রজনন ঘটে এবং বিভিন্ন গাছের বীজ থেকে নতুন চারা গজায়। এ সময় প্রকৃতি নতুন সাজে সজ্জিত হয়। মূলত বনের এই স্বাভাবিক প্রজনন প্রক্রিয়া নির্বিঘ্ন রাখতেই তিন মাসের জন্য এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের ফরেস্টার এরফান উদ্দীন জানান, আগামী ১ সেপ্টেম্বর থেকে পুনরায় সুন্দরবন সবার জন্য উন্মুক্ত করা হবে। এই নিষেধাজ্ঞার সময়ে সুন্দরবনে বন বিভাগ, কোস্ট গার্ড ও নৌপুলিশ যৌথভাবে কঠোর নজরদারি পরিচালনা করবে।
এদিকে, দীর্ঘ তিন মাসের জন্য সুন্দরবন বন্ধ হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন উপকূলীয় এলাকার হাজারো বনজীবী। বনের সম্পদের ওপর নির্ভরশীল এসব মানুষের জীবন-জীবিকা থমকে যাওয়ায় তারা এখন দিশেহারা। উদ্ভূত পরিস্থিতিতে সংসার চালাতে সরকারি সহায়তা পাওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী বনজীবীরা।
