প্রতীকী ছবি
দিনাজপুরের খানসামায় আত্রাই নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) দুপুরে উপজেলার খামারপাড়া ইউনিয়নের জোয়ার কালীর বাজারসংলগ্ন আত্রাই নদীর বালুমহাল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ঢাকার মিরপুর-১১ এলাকার মান্না ইসলাম (৪৫) ও তার ছোট ভাই সাদ্দাম ইসলাম (৩২)। পরিবার সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে চিরিরবন্দরে শ্বশুরবাড়িতে বেড়াতে এসে পরিবারের সদস্যদের সঙ্গে লিচুবাগান দেখতে যান তারা। পরে আত্রাই নদীতে গোসল করতে নামলে গভীর পানিতে তলিয়ে যান দুই ভাই।
স্বজনদের চিৎকারে স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে বিকেলে দুই ভাইকে উদ্ধার করলেও ততক্ষণে তাদের মৃত্যু হয়।
স্থানীয়দের দাবি, বালু উত্তোলনের কারণে নদীতে গভীর গর্ত তৈরি হওয়ায় এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিষয়টি নিশ্চিত করে খামারপাড়া ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক চৌধুরী জানান, নদীতে গোসল করতে নেমে আপন দুই ভাই পানিতে ডুবে মারা গেছেন। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। থানা পুলিশের সহায়তায় নিহত দুই ভাইয়ের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
