গাছের ডালে ঝুলছিল চাকরিচ্যুত সেনাসদস্যের মরদেহ

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১১ ঘন্টা আগে

ময়মনসিংহের গফরগাঁওয়ে চাকরিচ্যুত সেনাসদস্য সাকিবুল হাসান (১৮) নামের এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চরআলগী ইউনিয়নের নিধিয়ারচর ভাটিপাড়া এলাকার নদীপাড় থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সাকিবুল হাসান কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার চরকাটিহারী গ্রামের মোস্তফা মিয়ার ছেলে। তিনি মাত্র কয়েক মাস আগে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে নিধিয়ারচর গ্রামের নদীপাড় সংলগ্ন একটি গাছে এক যুবককে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দারা। বিষয়টি এলাকায় জানাজানি হলে সেখানে উৎসুক জনতার ভিড় জমে। পরে খবর পেয়ে গফরগাঁও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে যুবকের ঝুলন্ত লাশের ছবি ছড়িয়ে পড়লে তা দেখে নিহতের পরিচয় নিশ্চিত হন তার স্বজনরা। খবর পেয়ে পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় স্বজনদের বুকফাটা আহাজারিতে পুরো এলাকায় এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।

নিহতের দাদা রতন মিয়া জানান, প্রায় তিন মাস আগে সাকিবুল বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেছিলেন। তবে প্রশিক্ষণ শুরুর মাত্র ১০ দিনের মাথায় তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে সেনাবাহিনীর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে চাকরিচ্যুত করে পরিবারের কাছে হস্তান্তর করে। এরপর থেকে সাকিবুল বাড়িতেই অবস্থান করছিলেন এবং তার মানসিক চিকিৎসা চলছিল।

তিনি আরও জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সাকিবুল কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হন। দীর্ঘ সময় পার হলেও সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ফেসবুক ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবির মাধ্যমে তারা জানতে পারেন যে নদীর পাড় থেকে উদ্ধার হওয়া মরদেহটি সাকিবুলের।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্তের প্রক্রিয়া শেষে মরদেহটি দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পুরো বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।

 

  • গফরগাঁও
  • চাকরিচ্যুত
  • ময়মনসিংহ
  • মরদেহ
  • সেনাসদস্য