প্রতীকী ছবি
জয়পুরহাটের আক্কেলপুরে ধান কাটার কথা বলাকে কেন্দ্র করে শ্যামল চন্দ্র মালী (৫০) নামের এক দিনমজুরকে গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। শনিবার বিকেলে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের কাশিড়া গ্রামে এ ঘটনা ঘটে। এই ঘটনায় অভিযুক্ত হাসান আলীকে (৩৫) ধরে পুলিশে দিয়েছেন এলাকাবাসী।
আক্কেলপুরে নিহত শ্যামল চন্দ্র কাশিড়া শীলপাড়া গ্রামের বীরেন চন্দ্রের ছেলে। তিনি পেশায় দিনমজুর ও মাছ ব্যবসায়ী ছিলেন। আর আটক হাসান আলী উপজেলার ঢেকুঞ্চা বাউস্ত গ্রামের বাসিন্দা। তাকে স্থানীয়রা নেশাগ্রস্ত ও ভবঘুরে প্রকৃতির মানুষ হিসেবে চেনে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৪টার দিকে কাশিড়া হাটে যাওয়ার পথে সেলিম মেম্বারের বাড়ির সামনে শ্যামলের সঙ্গে হাসান আলীর দেখা হয়। এ সময় শ্যামল তার ভাইয়ের জমির ধানকাটার কথা বললে হাসান ক্ষিপ্ত হয়ে ওঠে এবং দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে শ্যামল হাটের দিকে রওনা দিলে হাসান পেছন থেকে একটা গাছের ডাল দিয়ে তার মাথায় আঘাত করে। এতে শ্যামল সড়কের ওপর লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালে পুলিশের উপস্থিতিতে অভিযুক্ত হাসান আলী নিজের অপরাধ স্বীকার করে বলেন, ‘শ্যামল আমাকে ধান কাটতে বলেছিল। এই কারণে আমি গাছের ডাল দিয়ে তার মাথায় মেরেছি। পরে লোকজন আমাকে ধরে মারধর করেছে।’
আক্কেলপুর থানার পরিদর্শক (তদন্ত) মোমিনুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
