এবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রলীগের মিছিল

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ ঘন্টা আগে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেনের মাটিয়ারা এলাকায় মিছিল করেছেন নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এঘটনায় অন্তত ৪৫ জনকে আটকের পাশাপাশি পাঁচটি গাড়ি জব্দ করা হয়েছে। রোববার (৭ জুন) দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিলটি বের করেন।

তবে মিছিলটি মাটিয়ারা পার হয়ে চাষাপাড়া নামকস্থানে পৌঁছানোর পূর্বেই স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা মিছিলকারীদের ধাওয়া করে। এ সময় কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশ ৪৫ জনকে আটক করেছেন ও ২টি মিনিবাস ও ৩টি হায়েস মাইক্রোবাস জব্দ করেছেন।

স্থানীয় সূত্র জানায়, রোববার দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেনের মাটিয়ারা নামকস্থান স্থানে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসরাফিল পিয়াসের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করে। মিছিলটি মহাসড়কের চট্টগ্রামগামী লেনে কিছুটা অগ্রসর হয়ে চাষাপাড়া নামকস্থানে পৌঁছানোর পূর্বেই স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাদের ধাওয়া করে। পরে মিছিলের খবর পেয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৪৫ জনকে আটক ও ২টি মিনিবাস ও ৩টি হায়েস মাইক্রোবাস জব্দ করেছেন। এ ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

কুমিল্লা সদর দক্ষিণ ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন, মিছিলের খবর পেয়ে পুলিশ ৪৫ জনকে আটক করেছে। তাদের বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে আটকদের পরিচয় প্রকাশ করা হবে। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে ২টি মিনিবাস ও ৩টি হায়েস মাইক্রোবাস জব্দ করেছেন।

  • ছাত্রলীগ
  • ঢাকা-চট্টগ্রাম
  • মহাসড়ক
  • মিছিল