যশোরের অভয়নগরে পুকুরে গোসল করতে নেমে ৭ রাউন্ড গুলি ও একটি চায়নিজ রাইফেলের চার্জার উদ্ধার করেছে দুই শিশু। বুধবার (১০ জুন) বিকেলে উপজেলার সোনাতলা গ্রামের মোস্তফা মোল্লার পুকুর থেকে এসব উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ওইদিন বিকেলে সোনাতলা গ্রামের মোক্তাদির মোল্লা (৮) ও ওয়াজেদ মোল্লা (১১) নামের দুই শিশু মোস্তফা মোল্লার পুকুরে গোসল করছিল। গোসলের একপর্যায়ে শিশু মোক্তাদির পানির নিচে পায়ের কাছে শক্ত কিছু অনুভব করে। পরে ডুব দিয়ে সেটি তুলে আনে। এরপর তারা দেখতে পায়, সেটি একটি অস্ত্রের চার্জার এবং আরও কিছু গুলি।
পরবর্তীতে বিষয়টি তাদের পরিবারের সদস্যদের জানানো হলে তারা সন্দেহ করেন যে এটি অস্ত্রসংশ্লিষ্ট সামগ্রী হতে পারে। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে সোনাতলা পুলিশ ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আলামতগুলো উদ্ধার করে হেফাজতে নেয়। পরে বাসুয়াড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই নাসির উদ্দিন ঘটনাস্থলে গিয়ে একটি চায়নিজ রাইফেলের চার্জারসহ ৭ রাউন্ড গুলি জব্দ করেন।
অভয়নগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জাহিদুল ইসলাম জানান, উদ্ধার হওয়া গুলি ও চার্জার কীভাবে এবং কোথা থেকে ওই পুকুরে এলো, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
