রাজধানীতে ছিনতাইকারী ব্যাগ ধরে টানাহেঁচড়া করার সময় চলন্ত রিকশা থেকে ছিটকে পড়ে গুরুতর আহত সোহেলি ইসলাম (৪২) শেষ পর্যন্ত মারা গেছেন। গত রবিবার ভোরে দিনাজপুর থেকে ঢাকায় ফেরার পথে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে ছিনতাইকারীর কবলে পড়ে আহত হন তিনি। চার দিন চিকিৎসাধীন থাকার পর গত বৃহস্পতিবার ধানমণ্ডির একটি বেসরকারি হাসপাতালে সোহেলির মৃত্যু হয়।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার দিন ভোরে দিনাজপুর থেকে ঢাকায় ফেরার পথে বাস থেকে নেমে রিকশায় চড়ে একমাত্র মেয়েকে নিয়ে ধানমণ্ডির বাসায় ফিরছিলেন সোহেলি। পাশ দিয়ে একটি মোটরসাইকেলে দুই ছিনতাইকারী যাচ্ছিল। এক পর্যায়ে মোটরসাইকেলের পেছনে বসা ব্যক্তি সোহেলির হাতে থাকা ভ্যানিটি ব্যাগ ধরে টানাহেঁচড়া শুরু করেন। চলন্ত রিকশা থেকে পড়ে সোহেলির ডান হাত ভেঙে যায়। এছাড়া মাথার পেছনে গুরুতর আঘাত পান তিনি। এক পর্যায়ে কান দিয়ে রক্ত পড়তে শুরু করে। পরে স্থানীয় কয়েকজনের সহায়তায় তাকে হাসপাতালে ভর্তি করেন তার মেয়ে।
সোহেলির মামা সারওয়ার পারভেজ বলেন, কয়েক দিন আগে পার্বতীপুরে পারিবারিক অনুষ্ঠানে মেয়েসহ এসেছিলেন সোহেলি। অনুষ্ঠান শেষে গত শনিবার রাত ৯টার বাসে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিলেন। পথে ছিনতাইয়ের শিকার হয়ে গুরুতর আহত হন। প্রথমে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং পরে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়েছে।
শুক্রবার শেরেবাংলানগর থানার ওসি মো. মনিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, গণমাধ্যমের সংবাদ থেকে আমরা ঘটনা জানতে পেরেছি। ভুক্তভোগী পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। এখনো তারা থানায় এসংক্রান্ত কোনো অভিযোগ দেয়নি। আমরা ঘটনাটা সম্পর্কে জানার চেষ্টা করছি।
