বাগেরহাটের মোংলায় সুন্দরবনসংলগ্ন জয়মনি এলাকায় কুমিরের আক্রমণে সেলিনা বেগম (৫২) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) বিকালে সুন্দরবনের শেলা নদীতে জাল দিয়ে মাছের পোনা শিকারের সময় কুমির তাকে আক্রমণ করে। এ সময় তার সঙ্গে আরও দুই জেলে ছিলেন। নিহত সেলিনা বেগম উপজেলার চিলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জয়মনি গ্রামের বাসিন্দা আব্দুল শেখের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের স্টেশন কর্মকর্তা মো. হামিদুর রহমান। তিনি জানান, বিকাল ৫টা ৪০ মিনিটের দিকে সুন্দরবনের শেলা নদীর লঞ্চঘাট এলাকায় জাল টেনে পোনা ধরছিলেন পঞ্চাশোর্ধ্ব জেলে সেলিনা বেগম। এ সময় তার সঙ্গে আরও দুই নারী জেলে ছিলেন। তখন হঠাৎ একটি কুমির সেলিনাকে টেনে নিয়ে যায়। পরে অপর দুই জেলে জালের লাঠি দিয়ে কুমিরটিকে আঘাত করেন। একপর্যায়ে সেলিনাকে ছাড়াতে সক্ষম হন তারা। তবে ততক্ষণে মারা যান সেলিনা বেগম।
