১-১ গোলে ড্র করে খাদের কিনারায় চেক ও দ. আফ্রিকা

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ সপ্তাহ আগে

নিজেদের প্রথম ম্যাচে হারের পর বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে আটলান্টার মাঠে মুখোমুখি হয়েছিল চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ আফ্রিকা। এ ম্যাচে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে দুই দলের জন্যই জয়টা ছিল প্রয়োজন। তবে মাঠের খেলায় দুই দলের কেউই পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারেনি। পুরো ম্যাচজুড়ে আশানুরূপ উত্তেজনা না থাকলেও শেষ মুহূর্তের রোমাঞ্চের পর ১-১ গোলের সমতায় শেষ হয়েছে ম্যাচটি।

ম্যাচের প্রথমার্ধে মাইকেল সাদিলেকের গোলে চেক প্রজাতন্ত্র এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে তেবোহো মোকোয়েনার পেনাল্টি গোলে সমতায় ফেরে দক্ষিণ আফ্রিকা। কাগজে-কলমে চেক প্রজাতন্ত্র এই ম্যাচে ফেভারিট হিসেবেই মাঠে নেমেছিল। ম্যাচের মাত্র ৫ মিনিটেই গোল করে তারা সেই প্রমাণও দেয়। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে লাদিস্লাভ ক্রেচির করা গোলটির মতোই এই গোলটির উৎস ছিল একটি থ্রো-ইন।

ডান প্রান্ত থেকে থ্রো-ইনের পর বল নিয়ে আক্রমণে ওঠে চেক দল। দক্ষিণ আফ্রিকার রক্ষণভাগের খেলোয়াড়দের দ্বিধাদ্বন্দ্বের সুযোগ নিয়ে ডি-বক্সের অন্য প্রান্তে বল পান মিডফিল্ডার মাইকেল সাদিলক। দারুণ এক শটে তিনি পরাস্ত করেন দক্ষিণ আফ্রিকান গোলরক্ষক রনওয়েন উইলিয়ামসকে। শুরুতেই গোল হজম করলেও প্রথমার্ধের বাকি সময়ে ম্যাচটিতে তেমন কোনো পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি কোনো দলই। ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে শুরু করে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণ চালিয়ে চেক রক্ষণভাগকে ব্যস্ত করে তোলে তারা।

ম্যাচের ধারার বিপরীতে একটি আক্রমণ থেকে সমতায় ফেরার সুযোগ পায় ‘বাফানা বাফানা’রা। দক্ষিণ আফ্রিকার মাসেকোর একটি শট চেক ডিফেন্ডার পাভেল সুলচের বাম হাতে লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি (আমেরিকান নারী রেফারি টোরি পেন্সো, যিনি ছেলেদের বিশ্বকাপের ইতিহাসে প্রথম নারী রেফারি)। স্পট কিক থেকে ঠাণ্ডা মাথায় গোল করে চলতি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে প্রথম গোলের আনন্দ উপহার দেন তেবোহো মোকোয়েনা।

এই ড্রয়ের ফলে দুই ম্যাচ শেষে চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ আফ্রিকা দুই দলেরই সংগ্রহ মাত্র ১ পয়েন্ট। ৩ পয়েন্ট নিয়ে এই গ্রুপের শীর্ষে অবস্থান করছে মেক্সিকো ও দক্ষিণ কোরিয়া। ফলে নকআউট পর্বে যাওয়ার আশা টিকিয়ে রাখতে হলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই এই দুই দলের সামনে। শেষ রাউন্ডে দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়ার (মন্তেরিতে), আর মেক্সিকো সিটিতে মেক্সিকোর মুখোমুখি হবে চেক প্রজাতন্ত্র।

  • চেক প্রজাতন্ত্র
  • দক্ষিণ আফ্রিকা
  • বিশ্বকাপ