বগুড়ার শিবগঞ্জ উপজেলায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নামে একটি বিদ্যালয়ের নামকরণের প্রস্তাব দিয়েছে কর্তৃপক্ষ। প্রস্তাব অনুযায়ী, শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন নাম রাখা হতে পারে ‘শিবগঞ্জ মীর শাহে আলম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়’।
এদিকে বগুড়া-২ (শিবগঞ্জ-মোকামতলা) আসনের সংসদ সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির নামে কোনও শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণের উদ্যোগ না নিতে শিক্ষা সচিবের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে গত ১ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের কাছে একটি আধা-সরকারি (ডিও) পত্র পাঠিয়েছেন তিনি।
জানা যায়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ (বেসরকারি মাধ্যমিক শাখা-১) গত ৯ জুন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও বগুড়া জেলা প্রশাসকের কাছে পাঠানো চিঠিতে নাম পরিবর্তনের প্রস্তাবের বিষয়ে প্রয়োজনীয় তদন্ত ও মতামত দিতে নির্দেশ দেয়।
চিঠিতে প্রতিষ্ঠানটি সরেজমিন পরিদর্শন করে নাম পরিবর্তনের যৌক্তিকতা যাচাই করে সুপারিশসহ প্রতিবেদন পাঠাতে বলা হয়। পরে জেলা প্রশাসকের নির্দেশে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দিতে জেলা শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেন। জেলা শিক্ষা কর্মকর্তা রমজান আলী তদন্ত শেষে নাম পরিবর্তনের পক্ষে সুপারিশ করে বুধবার (১৭ জুন) প্রতিবেদন জমা দেন।
এর আগে বগুড়ায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলের নামে দুই ইউনিয়নের নামকরণ করা হয়েছে। রোববার (১৪ জুন) সন্ধ্যায় বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান স্বাক্ষরিত এক গেজেট বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। ইউনিয়ন দুটি হলো- সীমান্ত ইউনিয়ন ও দিগন্ত ইউনিয়ন। সীমান্ত হলেন, প্রতিমন্ত্রীর বড় ছেলে মীর শাকরুল আলম সীমান্ত এবং মীর সাকলাইন আলম দিগন্ত ছোট ছেলে। এছাড়াও শিবগঞ্জ উপজেলায় প্রতিমন্ত্রীর পৈতৃক বাড়ির নামে মীরবাড়ি নামে আরও একটি নতুন ইউনিয়ন করা হয়েছে।
সূত্র: সমকাল
