ছবি : সংগৃহীত
লেবাননে চলমান ইসরায়েলি হামলা ও যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগে আবারও হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
একই সময়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, যুক্তরাষ্ট্র-ইরানের চলমান আলোচনার অংশ হিসেবে তিনি শিগগির সুইজারল্যান্ডে যেতে পারেন।
শনিবার আইআরজিসি এক বিবৃতিতে দাবি করে, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি-সংক্রান্ত প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে এবং ইসরায়েল লেবাননে হামলা অব্যাহত রেখেছে। এই পরিস্থিতিতে হরমুজ প্রণালীতে চলাচলকারী
জাহাজগুলোকে সতর্ক করে তারা জানায়, ওই জলপথে প্রবেশ করলে নিরাপত্তাঝুঁকির মুখে পড়তে পারে।হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। বৈশ্বিক তেল ও প্রাকৃতিক গ্যাসের বড় একটি অংশ এই জলপথ দিয়ে পরিবাহিত হয়। ফলে হরমুজ বন্ধের ঘোষণা আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে।
অন্যদিকে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, আগামী কয়েক দিনের মধ্যে তিনি সুইজারল্যান্ডে যাওয়ার আশা করছেন। সেখানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনা এগিয়ে নেওয়ার কাজ হবে।
জেডি ভ্যান্স জানান, এখন পর্যন্ত হরমুজ প্রণালী বাস্তবে বন্ধ করে দেওয়া হয়েছে—এমন কোনো তথ্য তার কাছে নেই। মার্কিন প্রতিনিধি জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ ইতিমধ্যে সুইজারল্যান্ডে অবস্থান করছেন এবং আলোচনার কারিগরি বিষয়গুলো নিয়ে কাজ করছেন।
