‘শিক্ষার্থীকে শাসন করায়’ প্রধান শিক্ষিকাকে চড় মারলেন অভিভাবক

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ দিন আগে
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গায় এক শিক্ষার্থীকে শাসন করাকে কেন্দ্র করে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে এক অভিভাবকের বিরুদ্ধে। অভিযোগ, ওই অভিভাবক অফিসকক্ষে ঢুকে নারী প্রধান শিক্ষককে মারধর করেন। এ ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

বুধবার (৮ জুলাই) দুপুরে চুয়াডাঙ্গা জেলা শহরের ফার্মপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই ঘটনা ঘটে। লাঞ্ছনার শিকার ওই শিক্ষকের নাম কাবেরী করিম। তিনি বিদ্যালয়টির প্রধান শিক্ষিকা হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিদ্যালয়ের শিক্ষকরা জানান, দুপুরে বিদ্যালয়ের পার্শ্ববর্তী ফার্মপাড়া এলাকার বাসিন্দা সামুর রহমান শুভ বিদ্যালয়ে প্রবেশ করেন। এ সময় তিনি অসৌজন্যমূলক আচরণ করতে থাকেন। একপর্যায়ে অফিসকক্ষে বসে থাকা প্রধান শিক্ষিকা কাবেরী করিমকে আচমকা চড়-থাপ্পড় মারেন বলে অভিযোগ ওঠে। পরে উপস্থিত কয়েকজন তাকে থামিয়ে বাইরে নিয়ে যান।

অভিযুক্ত অভিভাবক সামুর রহমান শুভ দাবি করেন, তার মেয়ে বিসমাহ জান্নাত ঐশ্বর্য (৯) ওই বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। কয়েকদিন ধরে সে অসুস্থ ছিল। বিদ্যালয়ের সমাবেশ চলাকালে এক সহপাঠীর সঙ্গে কথা বলায় এক শিক্ষিকা তাকে চড় মারেন। বিষয়টি জানতে পেরে তিনি বিদ্যালয়ে গিয়ে এ বিষয়ে কথা বলতে চান।

তার দাবি, এ সময় প্রধান শিক্ষিকা তার সঙ্গে খারাপ আচরণ করেন। একপর্যায়ে তিনি প্রধান শিক্ষিকাকে চড় মারেন এবং পরে দুজনের মধ্যে হাতাহাতি হয়।

লাঞ্ছনার শিকার প্রধান শিক্ষিকা কাবেরী করিম বলেন, ‘আমি একজন শিক্ষিকা হয়ে শিক্ষার্থীদের যেমন আদর করি, তেমনি প্রয়োজনে একটু শাসনও করতে হয়। এ কারণেই আলতো করে একটা চড় মেরেছিলাম। কিন্তু এজন্য একজন অভিভাবক আমার অফিসে ঢুকে আমার গায়ে হাত তুলবেন, এটা আমার ধারণা ছিল না।’

এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহীন্দ্র কুমার মন্ডল বলেন, ‘ঘটনার বিষয়ে আমার জানা নেই। ঘটনা সত্য হলে এটি আসলেই অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা। ঘটনার কোনো অফিসিয়ালি অভিযোগ পেলে নিয়ম অনুযায়ী অভিভাবকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।’

  • চড়
  • চুয়াডাঙ্গা
  • শিক্ষিকা