প্রতীকী ছবি
চট্টগ্রামের হাটহাজারীতে নিখোঁজের এক দিন পর পরিত্যক্ত ডোবা থেকে মোহাম্মদ সাঈদ (৬) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১০টার দিকে উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা লাশটি উদ্ধার করেন। নিহত সাঈদ ওই এলাকার মো. আবদুর রহিমের ছেলে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার বিকেলে বাবা-মায়ের সঙ্গে নানার বাড়িতে থাকা অবস্থায় সাঈদ নিখোঁজ হয়। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে মাইকে নিখোঁজের ঘোষণা দেন। পরে বৃহস্পতিবার সকালে খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়।
সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আবদুল মান্নানের নেতৃত্বে উদ্ধারকারী দল স্থানীয় আবদুল গফুরের বাড়ির পেছনের একটি পরিত্যক্ত ডোবা থেকে শিশুটির লাশ উদ্ধার করে।
পরে লাশটি সংশ্লিষ্ট ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন চৌধুরীর কাছে হস্তান্তর করা হয়। হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আবদুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
