রংপুরে ট্রেনে কাটা পড়ে ২ নারীর মৃত্যু

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৭ ঘন্টা আগে
প্রতীকী ছবি

রংপুরের পীরগাছায় পৃথক দুটি ট্রেনে কাটা পড়ে দুই নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার সুখানপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পর পর দুটি মৃত্যুর ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

জানা যায়, দুপুর সোয়া ১২টায় লালমনিরহাট থেকে ছেড়ে আসা সান্তাহারগামী ‘দোলনচাঁপা এক্সপ্রেস’ ট্রেনটি পীরগাছা স্টেশনে পৌঁছানোর আগে সুখানপুকুর রেলগেট এলাকায় এক নারী কাটা পড়েন। এর ঠিক ১০ মিনিট পর সান্তাহার থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী ‘পদ্মরাগ এক্সপ্রেস’ ট্রেনটি একই এলাকা অতিক্রম করার সময় আরও এক নারী কাটা পড়েন। দুটি মৃত্যুর ঘটনাই সুখানপুকুর রেলগেট থেকে আধা কিলোমিটার দক্ষিণ ও আধা কিলোমিটার উত্তর সীমানার মধ্যে ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি। তবে তাদের বাহ্যিক অবয়ব দেখে একজনের বয়স আনুমানিক ২৫-২৬ বছরের তরুণী এবং অন্যজনকে পঞ্চাশোর্ধ্ব নারী বলে মনে হচ্ছে।

এ বিষয়ে পীরগাছা রেলস্টেশন মাস্টার জেনারুল ইসলাম জানান, ১০ মিনিটের ব্যবধানে ট্রেনে কাটা পড়ে দুই নারীর মৃত্যুর বিষয়টি অত্যন্ত দুঃখজনক। ঘটনাটি জানার পরপরই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও রেলওয়ে পুলিশকে (জিআরপি) জানানো হয়েছে। পুলিশ লাশ উদ্ধারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
এর আগে, নেত্রকোনায় ট্রেনে কাটা পড়ে মুহিদ খান রিফাত (২২) নামে এক গার্মেন্টস কর্মী নিহত হয়েছেন। শুক্রবার ভোরে শহরের রাজুর বাজার রেল কালভার্ট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মুহিদ খান রিফাত নেত্রকোনার মোহনগঞ্জের তেতুলিয়া ইউনিয়নের বড় পাইকুড়া গ্রামের মঈনুল কবীর খানের ছেলে। সে ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

  • ট্রেন
  • নারী
  • মৃত্যু
  • রংপুর