চট্টগ্রামে লবণ কারখানায় আগুনে দগ্ধ দুই শ্রমিকের মৃত্যু

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১২ ঘন্টা আগে
প্রতীকী ছবি

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার একটি লবণ কারখানায় আগুনে দগ্ধ ১০ শ্রমিকের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার রাতে গুরুতর আহত শ্রমিক মোহাম্মদ নুরুল আলম (৪৫) ও দিদারুল আলম (৩২) মারা যান। নুরুল পটিয়ার হুলাইনের ও দিদারুল বোয়ালখালীর বাসিন্দা।

বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী এলাকার কনফিডেন্স সল্ট কোম্পানির কারখানায় এ দুর্ঘটনা ঘটে। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির তথ্য অনুযায়ী, কারখানায় শ্রমিকেরা কাজ করার সময় হঠাৎ বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ১০ শ্রমিক দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। দগ্ধ ব্যক্তিদের মধ্যে এখনো তিনজনের অবস্থা আশঙ্কাজনক। কনফিডেন্ট সল্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তারা আহত শ্রমিকদের চিকিৎসার সব ব্যবস্থা করেছে।

আহত শ্রমিকেরা হলেন রাঙ্গুনিয়ার পোমরা এলাকার উজ্জ্বল দাশ (৫৩), চট্টগ্রাম নগরের মাদারবাড়ী এলাকার মোহাম্মদ লিটন (২৮), লোহাগাড়ার চুনতীর সিরাজুল ইসলাম (৩৪), রাউজানের মোহাম্মদপুর এলাকার জাহিদুল আলম (৪২), বোয়ালখালীর পশ্চিম গোমদণ্ডী এলাকার জাহিদ হোসেন (৩৮), বোয়ালখালীর চর খিজিরপুর এলাকার নূর নবী (২৫), পটিয়ার শান্তিহাট এলাকার মাহামুদুল হক (৪৫) এবং চন্দনাইশের কাঞ্চননগর এলাকার সেলিম উদ্দিন (৩০)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সহকারী রেজিস্ট্রার লিটন কুমরা পালিত জানান, রাত সাড়ে ৮টার দিকে নুরুল আলম ও ৯টার দিকে দিদারুল আলম নামে আহত দুজনের মৃত্যু হয়েছে। আরও তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেন বলেন, কারখানায় ঝালাইয়ের কাজ চলছিল। হঠাৎ শর্টসার্কিট থেকে আগুন লেগে যায়। পাশে কাগজের স্তূপ ছিল। তবে দ্রুত সময়ের মধ্যে আগুন নেভানো সম্ভব হয়েছে।

  • আগুন
  • চট্টগ্রাম
  • দগ্ধ
  • মৃত্যু
  • লবণ কারখানা
  • শ্রমিক