রাজধানীতে যুবককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ ঘন্টা আগে
ছবি: নিহত মো. পলাশ

রাজধানীর সবুজবাগে পূর্বশত্রুতার জেরে মো. পলাশ (৩৪) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২১ জুলাই) রাত আনুমানিক ৮টার দিকে সবুজবাগ থানাধীন রাজারবাগ বাজার এলাকার পানির পাম্পসংলগ্ন একটি মুদি দোকানের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত পলাশ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সোনাপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পরিবারের সঙ্গে সবুজবাগের মাদারটেক এলাকায় বসবাস করছিলেন। পেশায় একজন প্রাইভেটকার চালক হলেও গত কিছুদিন ধরে তিনি সেই কাজ বন্ধ রেখেছিলেন।

নিহতকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী হীরা জানান, রাত আনুমানিক ৮টার দিকে রাজারবাগ বাজারের একটি মুদি দোকানের সামনে অবস্থান করছিলেন পলাশ। এ সময় পূর্বশত্রুতার জেরে স্থানীয় রয়েল, সবুজ ও নাঈমসহ একদল দুর্বৃত্ত এসে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পলাশের দুই হাতের কব্জি বিচ্ছিন্ন করে দেয় এবং বুক ও মাথায় গুরুতর জখম করে দ্রুত পালিয়ে যায়।

ঘটনার পরপরই পাড়া প্রতিবেশীরা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে ঢামেক হাসপাতালের ওসেক-এ নিয়ে আসার পর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট সবুজবাগ থানাকে অবহিত করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

  • যুবক
  • রাজধানী
  • হত্যা