জয়পুরহাটে ধানখেত থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত মরদেহ উদ্ধার

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ ঘন্টা আগে

জয়পুরহাটের আক্কেলপুরে তিলকপুর নওজোর মাটাগরি গ্রামের একটি ধানখেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির মাটিচাপা দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ মে) বিকেলে হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। নিহতের পরিচয় ও হত্যাকাণ্ডের কারণ এখনও জানতে পারেনি পুলিশ।

স্থানীয়রা জানায়, জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর নওজোর মাটাগরি গ্রামের মাঠে ঘাস কাটতে গিয়ে একটি খেতে মাটি চাপা দেওয়া অবস্থায় অজ্ঞাত ওই ব্যক্তির হাত দেখতে পান স্থানীয় এক ব্যক্তি। এসময় তিনি চিৎকার করে বিষয়টি অন্যান্য কৃষকদের জানালে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা জানান, স্থানীয় কৃষকদের কাছ থেকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটি অনেকটা পচে গেছে। নিহতের গলায় আঘাতের চিহ্ন বোঝা যাচ্ছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। মরদেহটির পরিচয় শনাক্তের জন্য চেষ্টা চলছে। পাশাপাশি ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

  • উদ্ধার
  • জয়পুরহাট
  • ধানখেত
  • মরদেহ