ময়মনসিংহে পৃথক ঘটনায় দুজনের মরদেহ উদ্ধার

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১৮ ঘন্টা আগে
প্রতীকী ছবি

ময়মনসিংহ সদর ও গৌরীপুর উপজেলায় পৃথক ঘটনায় দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে ভিন্ন সময়ে এসব ঘটনা ঘটে। পরে রবিবার মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গৌরীপুর উপজেলার মইলাকান্দা ইউনিয়নের ডেংগা মোড়সংলগ্ন পাকা সড়ক এলাকা থেকে শনিবার রাত সাড়ে ৯টার দিকে আব্দুল মান্নান ওরফে মুন্নাফ (৬৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। নিহত আব্দুল মান্নান উপজেলার পাইসকা গ্রামের মৃত হাতেম আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে আব্দুল মান্নান প্রতিবেশী মৃত নাছির উদ্দিনের ছেলে মোস্তফার সঙ্গে ডেংগা মোড় থেকে বাড়ি ফিরছিলেন। পথে মোস্তফা আড়ালে চলে গেলে দুর্বৃত্তরা আব্দুল মান্নানকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ময়মনসিংহ সদর উপজেলায় রাজিব ইসলাম (২৫) নামের এক ইজি বাইকচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত রাজিব নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের চর ঈশ্বরদিয়া সাইতনকান্দা এলাকার এবাদুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ১১টার দিকে কয়েকজন যাত্রী সেজে রাজিবের ইজিবাইক ভাড়া করে। পরে তারা শম্ভুগঞ্জ থেকে জয়বাংলা বাজারে যাওয়ার কথা বলে।পথে চর হরিপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পাশে নির্জন এলাকায় পৌঁছালে তাকে কুপিয়ে ইজি বাইক নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে পেছনে আসা অন্য একটি ইজি বাইকের চালক ও যাত্রীরা বিষয়টি বুঝতে পেরে স্থানীয়দের খবর দেন। স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে সড়কের পাশের ঝোপ থেকে রাজিবের মরদেহ উদ্ধার করে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম বলেন, ইজিবাইক উদ্ধারের পাশাপাশি ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

  • উদ্ধার
  • ময়মনসিংহ
  • মরদেহ