নিখোঁজের একদিন পর কৃষকের মরদেহ উদ্ধার

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১২ ঘন্টা আগে
প্রতীকী ছবি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গার হারদি ইউনিয়নের ওসমানপুর গ্রামের কাটাখাল মাঠ থেকে নিখোঁজের একদিন পর আবুল হোসেন (৫৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃত্যুর পর তার মরদেহের অংশবিশেষ শিয়াল খেয়ে ফেলেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শুক্রবার সকাল ৯টার দিকে কাটাখাল মাঠের শ্মশানঘাট-সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আবুল হোসেন ওসমানপুর নতুনপাড়া এলাকার মৃত রুস্তম বিশ্বাসের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, বৃহস্পতিবার বিকেলে কৃষিজমিতে সার দিতে বাড়ি থেকে বের হন আবুল হোসেন। রাতে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তার খোঁজ করেন। শুক্রবার সকালে স্থানীয় লোকজন মাঠে তার ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

পরিবারের সদস্যদের ধারণা, বৃহস্পতিবার বিকেলে এলাকায় বজ্রপাতের সময় তিনি বজ্রাঘাতে অথবা হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন। পরে মাঠে পড়ে থাকা মরদেহের একটি অংশ শিয়াল খেয়ে থাকতে পারে।

খবর পেয়ে আলমডাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে মরদেহে যে ক্ষতচিহ্ন দেখা গেছে, তা কোনো বন্য প্রাণী, বিশেষ করে শিয়ালের আক্রমণে হয়ে থাকতে পারে। তবে এটি প্রাথমিক পর্যবেক্ষণ। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, মরদেহের একটি অংশ শিয়াল খেয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

  • আলমডাঙ্গা
  • কৃষক
  • চুয়াডাঙ্গা
  • মরদেহ