পাকিস্তান অধিকৃত কাশ্মীরে দেশটির সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত ২২ জন সেনা নিহত হয়েছেন। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার।
প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের স্মরণে অঞ্চলজুড়ে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের আয়োজন করা হয়েছে। রুশ নির্মিত এমআই-১৭ হেলিকপ্টারটি বুধবার কাশ্মীরের মুজাফফরাবাদের কাছে বিধ্বস্ত হয়।
দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলের কাছাকাছি ভবনগুলোর আড়াল থেকে ঘন কালো ধোঁয়া আকাশে উড়তে দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতেও সেই দৃশ্য ধরা পড়ে।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, উড্ডয়নের সময় যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। আইএসপিআর আনুষ্ঠানিকভাবে নিহতের সংখ্যা প্রকাশ না করলেও জানায়, হেলিকপ্টারটিতে থাকা সব আরোহীই নিহত হয়েছেন।
তবে রয়টার্স, আনাদোলু ও অ্যাসোসিয়েটেড প্রেসকে দেয়া নিরাপত্তা সূত্রের তথ্যমতে, দুর্ঘটনায় মোট ২২ জন নিহত হয়েছেন। রয়টার্সকে নিরাপত্তা সূত্র জানায়, নিহতদের মধ্যে একজন কর্নেল, দুজন মেজর পদমর্যাদার কর্মকর্তা এবং ১৯ জন সেনাসদস্য ছিলেন।
