বৈশ্বিক ভ্যালু চেইন প্রবৃদ্ধির সুফল সবাই পাচ্ছে না: এডিবি

লেখক: বিশ্বপরিস্থিতি ডেস্ক
প্রকাশ: ৬ দিন আগে

বৈশ্বিক ভ্যালু চেইনে সুফল নিতে পারছে না এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ছোট দেশ এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানগুলো (এসএমই) । বুধবার (৬ মে) উজবেকিস্তানের সমরকন্দে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ৫৯তম বার্ষিক সভায় প্রকাশিত ‘এশিয়ান ডেভেলপমেন্ট পলিসি রিপোর্ট ২০২৬’-এ এ তথ্য উঠে এসেছে।

এডিবির মতো সংস্থার মতে, বৈশ্বিক ভ্যালু চেইন অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ও দারিদ্র্য হ্রাসে সাহায্য করে। উন্নয়নশীল সদস্য দেশগুলোর অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে বৈশ্বিক ভ্যালু চেইনে অংশগ্রহণ বাড়াতে কাজ করে সংস্থাটি।

‘গ্লোবাল ভ্যালু চেইনস অ্যান্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট’ শীর্ষক ওই প্রতিবেদনে বলা হয়েছে, বৈশ্বিক ভ্যালু চেইন বাণিজ্যের ৩৩ শতাংশই এখন এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অনুষ্ঠিত হচ্ছে। ২০০০ থেকে ২০২৩ সালের মধ্যে এ অঞ্চলের উন্নয়নশীল দেশগুলোর বাণিজ্যের অংশীদারিত্ব ৯ শতাংশ থেকে বেড়ে ১৮ শতাংশে দাঁড়িয়েছে। পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশ এর থেকে ব্যাপক সুবিধা নিলেও অনেক ছোট, নিম্ন আয়ের ও বিচ্ছিন্ন দেশ এই নেটওয়ার্কের বাইরে রয়ে গেছে।

প্রতিবেদনে আরও জানানো হয়, মূলত বড় এবং উৎপাদনশীল প্রতিষ্ঠানগুলোই বৈশ্বিক ভ্যালু চেইনের মূল সুবিধা ভোগ করছে। অন্যদিকে উচ্চ কমপ্লায়েন্স ব্যয় ও সীমিত সক্ষমতার কারণে এসএমই খাত বাধার সম্মুখীন হচ্ছে।

এ বিষয়ে এডিবির প্রধান অর্থনীতিবিদ আলবার্ট পার্ক বলেন, ‌ভূ-অর্থনৈতিক বিভাজন বৈশ্বিক ভ্যালু চেইন থেকে প্রতিষ্ঠানগুলোর লাভবান হওয়ার সুযোগ কমিয়ে দেয়, যা নিম্ন-মূল্যের অর্থনীতিগুলোতে শিল্পায়নকে বাধাগ্রস্ত করে। এই ব্যবধান কমাতে স্বল্পোন্নত দেশগুলোকে প্রযুক্তিগত সহায়তা প্রদান এবং লজিস্টিকস ও অবকাঠামোগত উন্নয়ন অত্যন্ত জরুরি।

ভূ-রাজনৈতিক উত্তেজনা, সাপ্লাই চেইনের সংকট এবং দ্রুত প্রযুক্তিগত পরিবর্তনের মাঝে বৈশ্বিক ভ্যালু চেইনে টিকে থাকতে এডিবি তিনটি নীতির ওপর জোর দিয়েছে। এগুলো হলো, অনিশ্চিত বৈশ্বিক বাণিজ্যের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য সহনশীলতা বা সক্ষমতা বৃদ্ধি, আন্তর্জাতিক মানদণ্ড মেনে পরিবেশবান্ধব ও টেকসই উৎপাদন প্রক্রিয়া গ্রহণ এবং অবকাঠামো উন্নয়ন, অর্থায়ন ও ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের মাধ্যমে বাণিজ্যে সবার সমান অংশগ্রহণ বা অন্তর্ভুক্তি নিশ্চিত করা।

  • এডিবি
  • প্রবৃদ্ধি
  • বৈশ্বিক
  • ভ্যালু চেইন