ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ২

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ ঘন্টা আগে

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পুলিয়া বাসস্ট্যান্ড এলাকার ফ্লাইওভারে দুই কাভার্ডভ্যানের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) ভোরে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ছোট কাভার্ডভ্যানটির চালক প্রবীর রায় (৪০) ও হেলপার জুয়েল (২০)। প্রবীর রায় লালমনিরহাট সদর উপজেলার শিশির রায়ের ছেলে এবং জুয়েল কুড়িগ্রামের আব্দুল হাকিমের ছেলে।

হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোরে ঢাকামুখী একটি বড় কাভার্ডভ্যানের পেছনে দ্রুতগতিতে আসা ছোট একটি কাভার্ডভ্যান সজোরে ধাক্কা দেয়। এতে ছোট কাভার্ডভ্যানটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক ও হেলপার প্রাণ হারান। খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস ও শিবচর হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যান আটক করা হয়েছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • এক্সপ্রেসওয়ে
  • কাভার্ডভ্যান
  • ঢাকা-ভাঙ্গা
  • নিহত
  • সংঘর্ষ