বাজেটে ৩ লাখ কোটি টাকার এডিপি বাস্তবায়ন বড় চ্যালেঞ্জ

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৪৫ minutes ago

সরকার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩ লাখ কোটি টাকার বিশাল বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) প্রস্তাব করেছে। তবে এত বড় বাজেট বাস্তবায়নের সক্ষমতা নিয়ে দীর্ঘদিনের প্রশ্ন আবারো সামনে এসেছে। এক বছরে এডিপি’র আকারে ১ লাখ কোটি টাকার বৃদ্ধি। দেশের ইতিহাসে এক অর্থবছরে এ ধরনের বড় বৃদ্ধি আগে দেখা যায়নি। অন্যদিকে বাস্তবায়নের গতি এখনো ধীর।

চলতি অর্থবছরের সংশোধিত ২ লাখ কোটি টাকার এডিপি’র মধ্যে প্রথম নয় মাসে বাস্তবায়ন হয়েছে মাত্র ৩৬ শতাংশ। এ বিশাল উন্নয়ন বাজেটের লক্ষ্য হলো অবকাঠামো উন্নয়ন ত্বরান্বিত করা, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানো।

বাজেট নথি অনুযায়ী, এডিপি’র বড় অংশ অর্থায়ন করা হবে দেশীয় ও বৈদেশিক ঋণ এবং অনুদানের মাধ্যমে। দেশীয় উৎস থেকে আসবে ১ লাখ ৪৬ হাজার ১৫৮ কোটি টাকা। যার মধ্যে নিট ব্যাংক ঋণের লক্ষ্যমাত্রা ১ লাখ ১২ হাজার কোটি টাকা। অন্যদিকে বৈদেশিক উৎস থেকে আসবে ১ লাখ ৫৩ হাজার ৮৪১ কোটি টাকা। যার মধ্যে প্রকল্প ঋণ ও অনুদান হিসাবে ধরা হয়েছে ১ লাখ ১০ হাজার কোটি টাকা।

অর্থনীতিবিদদের প্রশ্ন হলো- এই অর্থ কতোটা কার্যকরভাবে ব্যয় করা যাবে। সাম্প্রতিক তথ্যও আশাব্যঞ্জক নয়। চলতি অর্থবছরের প্রথম নয় মাসে উন্নয়ন ব্যয় হয়েছে ৭৫ হাজার ৬০৭ কোটি ২৪ লাখ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল ৮২ হাজার ৮৯৪ কোটি ৮ লাখ টাকা। অর্থাৎ বাস্তবায়নের হার কমার পাশাপাশি প্রকৃত ব্যয়ের পরিমাণও হ্রাস পেয়েছে।

  • এডিপি
  • চ্যালেঞ্জ
  • বাজেট
  • বাস্তবায়ন