বিশ্বকাপে টানা ৭ ম্যাচে গোলের রেকর্ড মেসির: জর্ডানকে ৩-১ গোলে হারাল আর্জেন্টিনা

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ দিন আগে
ছবি: সংগৃহীত

এবারের বিশ্বকাপে ডালাসে আজ জর্ডানের বিপক্ষে ৩-১ গোলের সহজ জয়ে নিজেদের আধিপত্য বজায় রেখেছে আর্জেন্টিনা। তবে এই ম্যাচে সব আলো কেড়ে নিয়েছেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। জর্ডানের বিপক্ষে গোল করে বিশ্বকাপের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা সাত ম্যাচে গোল করার বিশ্বরেকর্ড গড়েছেন তিনি।

ম্যাচের শুরু থেকেই মাঝমাঠ নিয়ন্ত্রণে নেয় আর্জেন্টিনা। বিশেষ করে রিয়াল বেতিসের প্লে-মেকার জিওভান্নি লো সেলসো ছিলেন অত্যন্ত সক্রিয়। ১৯ মিনিটে তাকে ফাউল করার দায়ে পেনাল্টি বক্সের কাছে ফ্রি-কিক পায় আর্জেন্টিনা। ২০ মিটার দূর থেকে লো সেলসোর বাম পায়ের বাঁকানো ফ্রি-কিক জর্ডানের রক্ষণ দেয়ালের পাশ দিয়ে সরাসরি জালে জড়ায়। গোলরক্ষক ইয়াজিদ আবুলায়লা বলের নাগাল পাওয়ার আগেই সেটি জালে পৌঁছে যায়।

ম্যাচের ৩১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। লিয়ান্দ্রো পারেদেস বক্সে বল দখলের লড়াইয়ে থাকা অবস্থায় নিজার আলরাশিদানের মাথার আঘাতে মাটিতে লুটিয়ে পড়লে পেনাল্টির জোরালো দাবি ওঠে। ভিএআর রিভিউ শেষে রেফারি ইস্তভান কোভাকস পেনাল্টির বাঁশি বাজান। স্পট কিক থেকে ইন্টার মিলান ফরোয়ার্ড লাউতারো মার্তিনেজ কোনো ভুল করেননি। গোলরক্ষককে ভুল দিকে পাঠিয়ে ঠাণ্ডা মাথায় বল জালে পাঠান তিনি।

দ্বিতীয়ার্ধের দশম মিনিটে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় ইতিমধ্যে আসর থেকে ছিটকে পড়া জর্ডান। ২০২৬ বিশ্বকাপের আসরে এই প্রথম আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে পরাস্ত করতে সমর্থ হয় কোনো দল। জর্ডান অধিনায়ক এহসান হাদ্দাদের বাড়ানো নিচু ক্রস থেকে বল জালে জড়ান বদলি খেলোয়াড় মুসা আল-তামারি।

বিশ্বকাপে টানা ৭ ম্যাচে গোলের রেকর্ড মেসির: জর্ডানকে ৩-১ গোলে হারাল আর্জেন্টিনা

ম্যাচের ৬০ মিনিটে গ্যালারিভর্তি দর্শকের চিৎকারের মধ্য দিয়ে মাঠে নামেন লিওনেল মেসি। ম্যাচ যখন ৮০ মিনিটে, তখন ডি-বক্সের ২৫ গজ দূর থেকে ফ্রি-কিক পায় আর্জেন্টিনা। নিপুণ শটে ২৫ গজ দূর থেকে নিচু ফ্রি-কিকে গোল করে দলের জয় নিশ্চিত করেন মেসি।

বিশ্বকাপের টানা সাত ম্যাচে গোল করার কীর্তি গড়ে তিনি ছাড়িয়ে গেছেন ফ্রান্সের জঁ ফন্টেইন এবং ব্রাজিলের জারজিনহোকে।আগামী রাউন্ডে কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে আর্জেন্টিনার এই জয় এবং মেসির এই ব্যক্তিগত মাইলফলক দলের আত্মবিশ্বাসকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। 

  • আর্জেন্টিনা
  • জর্ডান
  • বিশ্বকাপ