জলাতঙ্কে সুন্দরগঞ্জে আরও এক নারীর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৫

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ ঘন্টা আগে
প্রতীকী ছবি

গাইবান্ধার সুন্দরগঞ্জের কঞ্চিবাড়ী ইউনিয়নে জলাতঙ্কে আক্রান্ত হয়ে মোছা. সুলতানা বেগম (৫০) নামের আরও এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে উপজেলায় জলাতঙ্কে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচজনে। এ ছাড়া নারী-শিশুসহ আরও ১০ জন চিকিৎসাধীন রয়েছে। 

নিহত সুলতানা বেগম কঞ্চিবাড়ী গ্রামের মো. কালাম মিয়ার স্ত্রী। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কঞ্চিবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনোয়ার আলম সরকার। তিনি জানান, বুধবার বেলা ১১টার দিকে নিজ বাড়িতে মারা যান সুলতানা বেগম। এর আগে একই ইউনিয়নে জলাতঙ্কে মারা যান বজরা কঞ্চিবাড়ী গ্রামের নন্দ রানী (৫৫), কঞ্চিবাড়ী গ্রামের ফুলু মিয়া (৫৫) এবং আফরোজা বেগম (৫০)। এ ছাড়া পাশের ছাপরহাটী ইউনিয়নের পূর্ব ছাপরহাটী এলাকার রতনেশ্বর কুমার (৫৩) জলাতঙ্কে আক্রান্ত হয়ে মারা যান।

ইউপি চেয়ারম্যান আরও জানান, তার ইউনিয়নে বর্তমানে নারী-শিশুসহ আরও ১০ জন জলাতঙ্কে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে।

ছাপরহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কনক গোস্বামী বলেন, ৮ মে জলাতঙ্কে আক্রান্ত হয়ে রতনেশ্বর কুমারের মৃত্যু হয়। তিনি ভ্যাকসিন নিয়েছিলেন, তবে কুকুরে কামড়ানোর ২৪ ঘণ্টার মধ্যে ভ্যাকসিন নিতে পারেননি।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২২ এপ্রিল কঞ্চিবাড়ী ও ছাপরহাটী ইউনিয়নে একটি বেওয়ারিশ পাগলা কুকুর একাধিক ব্যক্তিকে আক্রমণ করে। এতে অনেকেই গুরুতর আহত হন। পরে তারা ভ্যাকসিন নিতে গেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন না পেয়ে বাইরে থেকে বেশি দামে সংগ্রহ করেন। তবে তখন পর্যন্ত অনেকেরই ২৪ ঘণ্টার বেশি সময় পেরিয়ে যায়।

এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় বেওয়ারিশ কুকুরের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়লেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। বাজার, রাস্তা ও আবাসিক এলাকায় অবাধে ঘুরে বেড়ানো কুকুরের কারণে প্রায়ই মানুষ আক্রমণের শিকার হচ্ছে।

রতনেশ্বর কুমারের ভাই রবীন্দ্র কুমার বলেন, কুকুরে কামড়ানোর পরপরই তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে ক্ষতস্থানের প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও ভ্যাকসিন ছিল না। পরে জেলা হাসপাতালসহ বিভিন্ন জায়গায় খোঁজ করেও সময়মতো ভ্যাকসিন পাওয়া যায়নি। শেষ পর্যন্ত বেশি দামে ভ্যাকসিন সংগ্রহ করা হলেও ততক্ষণে অনেক দেরি হয়ে যায়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোজাম্মেল হক বলেন, গত তিন বছরে উপজেলায় বেওয়ারিশ কুকুরের টিকা বরাদ্দ আসেনি। তবে পোষা কুকুরের জন্য সীমিত পরিমাণ ভ্যাকসিন পাওয়া গেছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দিবাকর বসাক বলেন, ‘২২ এপ্রিল কুকুরে কামড়ানোর ঘটনা ঘটলেও আক্রান্ত ব্যক্তিদের কেউ আমাদের এখানে চিকিৎসা নিতে আসেননি। এ ছাড়া হাসপাতালে জলাতঙ্কের ভ্যাকসিনও ছিল না। সম্প্রতি ভ্যাকসিন কেনার জন্য ১৫ হাজার টাকা বরাদ্দ পাওয়া গেছে, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।’

  • জলাতঙ্ক
  • মৃত্যু
  • সুন্দরগঞ্জ